প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম
15
বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --
ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আইনজীবীদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রান্তিক জেলেদের স্বার্থ সুরক্ষায় জলমহাল ইজারা প্রথা বিলুপ্ত করে তা উন্মুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা মোকাবিলায় আইনগত কাঠামো শক্তিশালী করতে আইনজীবীদের নিয়ে একটি সমন্বিত প্যানেল গঠন করা হবে। এর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে।
আসন্ন হজ মৌসুম নিয়ে তিনি জানান, প্রায় ৭৮ হাজার হজযাত্রী এবার হজ পালন করবেন এবং তাদের অধিকাংশের ভিসা কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের বিমান টিকিট প্রদান কার্যক্রমও শেষ হয়েছে বলে জানান তিনি। এবারের হজ ব্যবস্থাপনা আগের তুলনায় আরও সুশৃঙ্খল হবে বলেও আশা প্রকাশ করেন।
দারিদ্র্য বিমোচন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচির জন্য চলতি অর্থবছরে ৪২৫ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় খাল খনন এবং খালের পাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। জানান, প্রায় এক লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে ঝুঁকিপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণ, নির্মাণ বিধিমালা বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কৃষি খাতে নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি জানান, পরীক্ষামূলকভাবে দেশের আটটি বিভাগে দুই লাখের বেশি কৃষককে এই কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে কৃষকরা বছরে দুই হাজার টাকা প্রণোদনা এবং সহজ শর্তে ঋণসহ বিভিন্ন সুবিধা পাবেন।
স্বাস্থ্য খাতে টিকাদান কর্মসূচি জোরদার করার কথা জানিয়ে তিনি বলেন, শিশুদের টিকার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং হাসপাতালে আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত হত্যা রোধ এবং কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
নৌপরিবহন খাতে নদী রক্ষা কমিশন আইন সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। এতে নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে।
পরিবেশ সুরক্ষায় পাহাড় কাটায় যন্ত্র ব্যবহারের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মৎস্য খাতে জলমহাল ইজারা প্রথা বিলুপ্ত করে তা উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এতে প্রান্তিক জেলেরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি ইলিশ আহরণ বন্ধকালীন সহায়তা কর্মসূচিও চালু রয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনের বিষয়ে তিনি বলেন, দ্রুত বিচার, সাক্ষী সুরক্ষা এবং ডিজিটাল প্রমাণ ব্যবহারের সুযোগ যুক্ত করা হয়েছে। এছাড়া সাইবার হয়রানি প্রতিরোধে বিশেষ সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জ্বালানি খাতে নতুন ব্যবস্থাপনা চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, অ্যাপভিত্তিক সেবা চালু হলে জ্বালানি সরবরাহে দীর্ঘ লাইনের সমস্যা কমে আসবে।
এক প্রশ্নের জবাবে কুষ্টিয়ায় পীর হত্যার ঘটনাকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে মামলা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।