প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
1
বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। জেলা সদর হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা স্থানীয় স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯ জন ছেলে এবং ২০ জন মেয়ে শিশু রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আগের দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৬৯ জন রোগী। নতুন রোগী যুক্ত হওয়ায় বর্তমানে মোট ১০৩ জন সন্দেহভাজন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪৫ জন ছেলে এবং ৫৮ জন মেয়ে শিশু।
গত এক দিনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন রোগী, যার মধ্যে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর অবস্থা গুরুতর না হওয়ায় কাউকে অন্যত্র পাঠানোর প্রয়োজন হয়নি।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মোট ৭০২ জন রোগী হাম রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে।
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, সাম্প্রতিক সময়ে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলায় একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। জনবল সংকট থাকা সত্ত্বেও বিকল্প ব্যবস্থায় চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রমও অব্যাহত রয়েছে।