প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এএম
1
বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগকে কেন্দ্র করে এক নারীকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছালেহা বেগম (৪০), একই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বাসিন্দা এবং বদিয়া মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বংশিপাড়া এলাকার একটি জমি থেকে করলা নেওয়ার সময় ছালেহা বেগমকে হাতে-নাতে আটক করেন জমির মালিক ও আশপাশের লোকজন। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হলে স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে এসে তাকে গাছে বেঁধে লাঠি দিয়ে মারধর করেন।
জমির মালিক ফরহাদ হোসেন জানান, তার জমি থেকে প্রায়ই করলা চুরি হচ্ছিল। তাই নজরদারি বাড়িয়ে এক পর্যায়ে ছালেহা বেগমকে করলাসহ আটক করা হয়। পরে তার স্বামীকে খবর দেওয়া হলে তিনি এসে এমন আচরণ করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, এক নারীকে করলাসহ আটক করা হয়েছিল। পরে তার স্বামী এসে তাকে শাসন করে বাড়িতে নিয়ে যান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।