শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবির নেতার মন্তব্য: ‘বাংলাদেশের ক্ষমতা বিএনপির হাতে নেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

2005

বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবির নেতার মন্তব্য

বাংলাদেশের বর্তমান ক্ষমতা বিএনপির হাতে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা। সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আবদুল্লাহ এ মন্তব্য করেন।

তিনি বলেন, অতীতে বিএনপির অনেক নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি দলটির শীর্ষ নেতৃত্বও বিভিন্ন সময় নির্যাতনের মুখোমুখি হয়েছে। কিন্তু বর্তমানে তারাই গুম কমিশন ও মানবাধিকার কমিশন বাতিলের দাবি তুলছে। তার মতে, এসব অবস্থান থেকে বোঝা যায় দেশের প্রকৃত ক্ষমতা অন্য কোথাও কেন্দ্রীভূত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে বিলম্বের প্রতিবাদে’ ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রশিবির এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে বিদেশ নির্ভরতা বা অন্য কোনো প্রভাবের আশ্রয় নেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। জনগণ যেকোনো সময় তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।

এ সময় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের অন্যান্য নেতারা। তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সঙ্গে বর্তমান অবস্থানের মিল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সংবিধান সংস্কার প্রসঙ্গে তারা এখন নীরব রয়েছে বলে মন্তব্য করা হয়।

বক্তারা আরও বলেন, গণভোটে প্রাপ্ত জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তাই দ্রুত জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি দেশের নাগরিকদের গণভোটের ফলাফল বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Link copied!