প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম
2015
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
শেখ শোভন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
স্ট্যাটাসে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, দেশ একটি জটিল ও সংকটপূর্ণ সময় পার করছে, যেখানে অতীতের সংগ্রাম ও আত্মত্যাগের মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না।
শেখ শোভন অভিযোগ করেন, ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থের দ্বন্দ্ব এবং রাজনৈতিক বিশ্বাসঘাতকতার কারণে শহীদদের আত্মত্যাগ অবমূল্যায়িত হচ্ছে। তিনি এ পরিস্থিতিকে জাতির জন্য লজ্জাজনক বলেও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, অতীতে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে দেশকে সংকট থেকে উত্তরণের পথ দেখানো হয়েছিল, কিন্তু সেই আদর্শ এখন উপেক্ষিত হচ্ছে।
পদত্যাগের ঘোষণায় তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতি ও কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছেন না। তাই তিনি দলের প্রতি নিজের সমর্থন প্রত্যাহার করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত এবং ন্যায়বিচার ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা উচিত নয়। প্রয়োজনে দেশের মর্যাদা রক্ষায় আবারও সংগ্রামে নামার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে শেখ শোভনের এই পদত্যাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদলের একজন গুরুত্বপূর্ণ নেতার এমন প্রকাশ্য পদত্যাগ দলটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন তুলতে পারে।
তবে এ বিষয়ে এখনো ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।