প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
2000
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী-এর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া মাহফিলে মন্ত্রী বলেন, এম ইলিয়াস আলী সবসময় জনগণের অধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন। তিনি মন্তব্য করেন, “দেশের পক্ষে কথা না বললে হয়তো তিনি গুমের শিকার হতেন না। তিনি গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন।”
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি উল্লেখ করেন, অতীতে দলের নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন এবং বিভিন্ন আন্দোলনে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, “আমরা হয়তো ইলিয়াস আলীকে আর ফিরে পাব না, কিন্তু তার পরিবার এবং সিলেটবাসী এখনও আশায় বুক বেঁধে আছেন।” পাশাপাশি তিনি জানান, বাসিয়া নদী খনন কাজ উদ্বোধন এবং জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিগগিরই সিলেট সফরের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম ইলিয়াস আলী দলের দুর্দিনে সিলেটে নেতৃত্ব দিয়েছেন এবং গণমানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, “১৪ বছর পার হলেও তার নিখোঁজ হওয়ার রহস্য আজও উদ্ঘাটিত হয়নি, যা আমাদের জন্য গভীর বেদনার বিষয়।”
দোয়া মাহফিলে ইলিয়াস আলীর আত্মিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।