রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

শুক্রবার থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম

2003

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হবে।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম বিক্রির পাশাপাশি একই দিন থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে। এ কার্যক্রম চলবে ১২ এপ্রিল পর্যন্ত, যা মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন হিসেবে নির্ধারিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপিল দাখিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংরক্ষিত নারী আসনের বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। মোট আসন সংখ্যা ৫০টি।

Link copied!