রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম

2014

ড. মুহাম্মদ ইউনূস

শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ এবং ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে হামসহ বিভিন্ন সংক্রামক রোগে শিশুদের আক্রান্ত হওয়ার হার বৃদ্ধি পেয়েছে এবং এতে মৃত্যুর ঘটনাও ঘটছে, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারি ব্যবস্থাপনায় শিশুদের টিকা ও সিরিঞ্জের সংকটের কারণে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয়।

আবেদনকারীরা জানান, টিকার ঘাটতির ফলে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং একের পর এক শিশুমৃত্যুর ঘটনা ঘটছে, যা দেশের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

আবেদনে আরও বলা হয়, এই পরিস্থিতির জন্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মহলে এ বিষয়ে আলোচনা ও মতামত প্রকাশ করা হচ্ছে।

এছাড়া বর্তমান সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে টিকা ও সিরিঞ্জের সংকটকে পূর্ববর্তী সময়ের সৃষ্ট সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও আবেদনে তুলে ধরা হয়।

আবেদনকারীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Link copied!