প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম
13
বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --
পটুয়াখালী শহরে চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর এবং তাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মৎস্যজীবী দলের দুই নেতাসহ কয়েকজনকে দায়ী করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সদর থানার পাশেই জেলা পুলিশের মালিকানাধীন পুলিশ ক্লাব মার্কেটে এই ঘটনা ঘটে। ঘটনার সময় হামলাকারীরা দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি ব্যবসায়ীকে গুরুতরভাবে আহত করে।
আহত ব্যবসায়ী খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, ওই মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মুরগি বিক্রির ব্যবসা করছেন। স্থানীয় মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী, সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম এবং তাদের সহযোগীরা পয়লা বৈশাখ উদ্যাপনের কথা বলে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
খোকন মল্লিক জানান, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর মঙ্গলবার সকালে তার কাছে আবারও টাকা দাবি করা হয়। পরে দুপুরের দিকে বাবুল গাজী, শামীমসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি তার দোকানে এসে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, এর আগেও ২০২৪ সালের আগস্ট মাসে তার আরেকটি দোকানে হামলা চালানো হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি ও ব্যক্তিগত অজুহাতে তার কাছ থেকে মোট ৭ থেকে ৮ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। নিরাপত্তার কারণে তিনি বিষয়টি এতদিন প্রকাশ করেননি বলেও জানান।
অন্যদিকে, অভিযুক্ত বাবুল গাজী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, খোকন মল্লিক বাজারে নিম্নমানের পণ্য বিক্রি করতেন এবং এ বিষয়ে প্রতিবাদ করায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত ব্যক্তিকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।