প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম
2001
শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --
হরমুজ প্রণালিতে প্রবেশ করার পরও শেষ পর্যন্ত গন্তব্যে এগোতে পারেনি বাংলাদেশ পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনীর নির্দেশে মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছে জাহাজটি।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালিতে প্রবেশ করে এবং পরিকল্পনা ছিল ভোরের মধ্যেই এটি অতিক্রম করার। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী থেকে নির্দেশ আসে—সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে সামনে এগোতে দেওয়া হবে না বলে জানানো হয়। ফলে প্রণালির ভেতরেই থেমে থাকতে হয় জাহাজটিকে।
পরবর্তীতে বেতার বার্তার মাধ্যমে জাহাজটিকে অগ্রসর না হয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী যাত্রা স্থগিত করে ‘বাংলার জয়যাত্রা’ আবার পারস্য উপসাগরের দিকে ফিরে যায়, যেখানে নিরাপদ অবস্থানে থাকার চেষ্টা চলছে।
জানা গেছে, হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার ঘোষণার পর শুক্রবার রাতে জাহাজটি যাত্রা শুরু করেছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং নিরাপত্তাজনিত কারণে অগ্রযাত্রা বন্ধ হয়ে যায়।
৩১ জন নাবিক নিয়ে পরিচালিত এই জাহাজটি প্রায় ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ অঞ্চলে অবস্থান করছে। এর আগে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল প্রণালির কাছাকাছি গিয়ে অনুমতি না পেয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলে অবস্থান নিতে হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী নির্দেশনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।