মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৫:১৮ পিএম

আজ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রাথমিক স্বাক্ষর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:০৩ এএম

1685

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মধ্যে বহুল আলোচিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো চুক্তি (পিসিএ)-এর প্রাথমিক স্বাক্ষর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামের ব্রাসেলস-এ এই গুরুত্বপূর্ণ চুক্তির ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর হবে।

এ উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইইউর হাই রিপ্রেজেন্টেটিভ কালা কালাস বৈঠকে বসবেন। বৈঠক শেষে চুক্তির প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন হবে।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি চুক্তিতে সই করবেন।

এই চুক্তির লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও ইইউর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করা। এর আওতায় রাজনৈতিক সংলাপ, শান্তি ও নিরাপত্তা, সুশাসন, মানবাধিকার, বাণিজ্য এবং আর্থিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ অক্টোবর নতুন করে এ চুক্তি নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত হয়। তখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।

পরবর্তীতে ২০২৪ সালে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত হয়। পরে আবার আলোচনা শুরু হয়ে ২০২৫ সালে ব্রাসেলসে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা ও সিলেটে আলোচনা শেষে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই পিসিএ চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশ ও ইইউর সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।

Link copied!