প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম
1687
০৫ মে ২০২৬, ০৫:৩২ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
জাতীয় সংসদে দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকার মূল্য কিছুটা বৃদ্ধি করেছে।
সোমবার (২০ এপ্রিল) সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় ইতিহাসে সাধারণত মুলতবি প্রস্তাব বিরোধী দল থেকে আনা হয় সরকারের কর্মকাণ্ডের সমালোচনার জন্য। তবে বর্তমান সংসদে একাধিক মুলতবি প্রস্তাব আলোচিত হয়েছে, যা একটি ব্যতিক্রমী ঘটনা।
জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের জন্য সহনীয় পর্যায়ে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। এক পর্যায়ে জাতীয় অর্থনীতি আর এই ভর্তুকি বহন করতে পারছিল না বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানির দাম কম থাকলে পাচার ও অপচয়ের প্রবণতা বাড়ে। সেই প্রবণতা নিয়ন্ত্রণ এবং খাতে শৃঙ্খলা আনতেই মূল্য সমন্বয় করা হয়েছে।
বিরোধী দলের অভিযোগের জবাবে তিনি দাবি করেন, ইতোমধ্যে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী সংসদে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন—দেশে তেল ও গ্যাসের কোনো ঘাটতি নেই। তাই সংসদ মুলতবি রেখে আলাদা আলোচনার প্রয়োজন নেই।