মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৬:৫১ পিএম

তীব্র অর্থসংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এমপিদের এক মাসের বেতন দেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম

1696

তীব্র অর্থসংকটে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরিচালন ব্যয় ও শহীদ-আহতদের সহায়তা কার্যক্রম চালিয়ে নিতে জাতীয় সংসদের সদস্যদের এক মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

তিনি বলেন, ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে বর্তমানে এক লাখ টাকারও কম অর্থ রয়েছে। এমন পরিস্থিতিতে চলতি মাসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ এবং নিয়মিত প্রশাসনিক ব্যয় চালানো অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ সহায়তা তহবিলেও বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

সংকট মোকাবিলায় জাতীয় সংসদের স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের এক মাসের বেতন অনুদান হিসেবে ফাউন্ডেশনকে দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করা যেতে পারে।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, অর্থের অভাবে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি জুলাই আহতকে সহায়তা দেওয়া সম্ভব হয়নি।

ফাউন্ডেশনের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরে কামাল আকবর বলেন, জুলাই শহীদ ও আহতদের সহায়তায় মোট ৩৩৭ কোটি টাকা প্রয়োজন ছিল। তবে শুরুতে বিভিন্ন উৎস থেকে ফাউন্ডেশন পেয়েছে মাত্র ১২০ কোটি টাকা।

এই অর্থ দিয়ে ৮৩২ শহীদ পরিবার এবং ক্যাটাগরিভিত্তিক ৬ হাজার ১২৭ আহত ব্যক্তিকে অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, অধিকাংশ আহতকে সহায়তা দিতে না পারায় ফাউন্ডেশনকে ঘিরে ভুল বোঝাবুঝি ও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে প্রভাব ফেলছে।

কামাল আকবরের ভাষ্য, আর্থিক সংকট, ভাবমূর্তি সংকট এবং প্রশাসনিক জটিলতার সমন্বয়ে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও জানান, সংকট উত্তরণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে অনুদান প্রত্যাশা করছে ফাউন্ডেশন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান, শিক্ষাবৃত্তি এবং স্মৃতি সংরক্ষণে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়।

সংবাদ ব্রিফিংয়ে ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়।

Link copied!