মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২% প্রবৃদ্ধি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১১:১০ এএম

1690

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (৩১ মার্চ পর্যন্ত) নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ১৬২ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা (পিএটি) দাঁড়িয়েছে ২৪১ কোটি টাকা, যেখানে ২০২৫ সালের একই সময়ে তা ছিল ৯২ কোটি টাকা। একই সঙ্গে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৬ টাকা থেকে বেড়ে ১.৬ টাকায় উন্নীত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, বড় অঙ্কের মুনাফা বৃদ্ধিতে সন্তুষ্টি থাকলেও ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়া উদ্বেগজনক। তার মতে, ব্যাংকিং খাতে ক্রেডিট গ্রোথের বর্তমান ধারা ভবিষ্যতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।
ব্যাংকের এই শক্তিশালী আর্থিক ফলাফলের পেছনে মূলত কোর ব্যাংকিং আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি ভূমিকা রেখেছে। ঋণ থেকে সুদ আয় ১৪ শতাংশ বেড়ে ১,১৪৩ কোটি টাকা থেকে ১,৩০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে বিনিয়োগ আয় ৬০৩ কোটি টাকা থেকে বেড়ে ১,০১৪ কোটি টাকায় পৌঁছেছে, যা মোট পরিচালন আয়ের ৩২ শতাংশ।
এছাড়া বৈদেশিক মুদ্রা লেনদেন, কার্ড-সংক্রান্ত ফি এবং ট্রেড কমিশন বৃদ্ধির ফলে ফি ও কমিশন আয় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির মোট আয় ৩৮ শতাংশ বেড়ে ১,৩৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে ব্যয় নিয়ন্ত্রণে রেখে তা ৫৯৫ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর ফলে কস্ট-টু-ইনকাম অনুপাত আগের বছরের ৫২ শতাংশ থেকে কমে ৪৪ শতাংশে নেমে এসেছে।
অপারেটিং মুনাফাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের ৪৬১ কোটি টাকা থেকে তা ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৪৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে সম্পদের গুণগত মান উন্নত হওয়ায় প্রভিশনিংয়ের চাপ কমেছে, যা নিট মুনাফা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।

Link copied!