শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০১:২৪ পিএম

বিনিয়োগকারীদের ২০৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে ২০২৬, ১১:৪৮ এএম

1691

বহুজাতিক ভোগ্যপণ্য প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৫–২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২,০৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী, আলোচ্য হিসাব বছরে ৫০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ এবং আগের পর্যায়ে ১,৫৭৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছে। সব মিলিয়ে মোট নগদ লভ্যাংশ দাঁড়িয়েছে ২,০৭৫ শতাংশে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিটির আর্থিক সূচকে চলতি বছরে মুনাফা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০৬.৯ টাকা, যা আগের বছরের তুলনায় বেশি। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২.০২ টাকায়।
এর আগের ২০২৪–২৫ হিসাব বছরে কোম্পানিটি মোট ৩,৮৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ছিল চূড়ান্ত ও অন্তর্বর্তী লভ্যাংশ। ওই বছরে ইপিএস ছিল ১৮৭.৪৯ টাকা এবং এনএভিপিএস ছিল ২৩৯.১৩ টাকা।
২০২৩–২৪ হিসাব বছরে কোম্পানিটি ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০২২–২৩ হিসাব বছরে লভ্যাংশ ছিল ৭৫০ শতাংশ নগদ।
তথ্য অনুযায়ী, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ১৯৯৯ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এবং ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৫ লাখ।
মোট শেয়ারের প্রায় ৯০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। বাকি শেয়ারগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.২০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১.৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১.৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

Link copied!