প্রকাশিত: ০১ মে ২০২৬, ১২:০১ পিএম
1691
০১ মে ২০২৬, ০১:২৩ পিএম
ইতালি-তে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক বাংলাদেশি প্রবাসী তার ছোট ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে তিনি ভিডিও কলে পরিবারের সদস্যদের মরদেহ দেখান এবং হত্যার কথা স্বীকার করেন।
নিহত ও অভিযুক্ত দুই ভাইই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা এলাকার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়ন ফকিরের মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের মরদেহ দেখিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন। পরে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নিহতের পরিচিত এক বন্ধু জানান, হুমায়ুন ফকির দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইতালি প্রবাসী ছিলেন। তিনি প্রথমে লিবিয়া হয়ে পরে ইতালিতে যান। ২০২৩ সালে তার সহযোগিতায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে পাড়ি জমান।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিশেষ করে পারিবারিক একটি বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে দাবি করা হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই নিহত হওয়ার খবর তারা পেয়েছেন এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।