প্রকাশিত: ০১ মে ২০২৬, ১১:০৯ এএম
1688
০১ মে ২০২৬, ১২:২২ পিএম
নাহিদ ইসলাম
মে দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি।
তিনি বলেন, বিশ্বের শ্রমিকদের অধিকার আন্দোলনের ঐতিহাসিক দিন হিসেবে মে দিবস পালিত হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনের সময় পুলিশি হামলায় বহু শ্রমিক প্রাণ হারান। সেই শহীদদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আজ বিশ্ব মে দিবস পালন করছে। তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানান।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে মে দিবস পালন করে আসছে, তবে তা অনেক ক্ষেত্রেই আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শ্রমজীবী মানুষের বাস্তব জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন খুব বেশি আসেনি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অতীত সরকারের সময় ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং শ্রমিক নেতাদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনা ঘটেছে। তিনি রানা প্লাজা ধস ঘটনার দীর্ঘদিনেও বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
নাহিদ ইসলাম দাবি করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও শ্রমজীবী মানুষের অবস্থার বড় ধরনের উন্নতি হয়নি। এখনো ন্যায্য মজুরি ও শ্রমিকের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
তিনি বলেন, একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার এবং ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।