প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম
1702
০১ মে ২০২৬, ০২:৫২ পিএম
বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর করতে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর দ্বিতীয় ধাপের আওতায় এই অর্থায়ন দেওয়া হচ্ছে।
এডিবি জানিয়েছে, এই ঋণের মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা বাড়ানো হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার, দারিদ্র্য ঝুঁকি হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক সুরক্ষা কাঠামো গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এটি বাংলাদেশের আধুনিক, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি জানান, কর্মসূচির আওতায় নারীদের জন্য সহায়তা সম্প্রসারণ, অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম চালু এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা জোরদার করা হবে।
এই প্রকল্পের আওতায় বিধবা ভাতা কর্মসূচিতে অন্তত আরও ২ লাখ ৫০ হাজার নারী যুক্ত হবেন। পাশাপাশি জলবায়ু-সহনশীল সামাজিক সুরক্ষা উদ্যোগ এবং কর্মভিত্তিক অভিযোজনমূলক কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।
এছাড়া নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে অন্তত ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, নারী শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং দারিদ্র্য কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশ্লেষকদের মতে, সামাজিক সুরক্ষা খাতে এ ধরনের সহায়তা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।