শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০২:৫৩ পিএম

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

1701

দেশের ভঙ্গুর আর্থিক খাতকে শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে সরকার চার স্তরের একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন। তিনি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম-এর এক প্রশ্নের জবাবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

অর্থমন্ত্রী জানান, মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয়ে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত একটি মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো অনুমোদন করা হয়েছে। গত ১০ এপ্রিল অর্থ বিভাগের কো-অর্ডিনেশন কাউন্সিল সভায় এই কৌশলপত্র চূড়ান্ত হয়।

তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে নীতি সুদহার ১০ শতাংশে রাখা হয়েছে। এর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে।

পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০ শতাংশে পৌঁছালেও ২০২৬ সালের মার্চ শেষে তা কমে ৮.২৪ শতাংশে নেমে এসেছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও ইতিবাচক তথ্য দেন অর্থমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম-৬ পদ্ধতি) রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

টাকার অবমূল্যায়নের প্রভাব মোকাবিলায় আমদানিকারক ও ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক বলেও জানান তিনি।

এছাড়া উৎপাদনশীল খাতকে সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংক আলাদা কর্মপরিকল্পনা নিয়েছে।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ‘পুঁজিবাজার সংস্কার কমিশন’ গঠনের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাজার আধুনিকায়নে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার এবং শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

Link copied!