প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম
1699
০১ মে ২০২৬, ০২:৫২ পিএম
বিদেশে ভ্রমণ ও আর্থিক লেনদেনে বাংলাদেশিদের ব্যয়ের ধরনে নতুন প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে ইউরোপের দেশ আয়ারল্যান্ডে হঠাৎ করেই ডেবিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিরা ডেবিট কার্ড ব্যবহার করে আয়ারল্যান্ডে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। বিদেশে ডেবিট কার্ড খরচের তালিকায় এরপর রয়েছে সৌদি আরব (২৮ কোটি ৭০ লাখ টাকা), যুক্তরাষ্ট্র (২৮ কোটি টাকা), ভারত (২৪ কোটি টাকা) এবং যুক্তরাজ্য (২০ কোটি ৫০ লাখ টাকা)। এসব ব্যয় মূলত পর্যটন, চিকিৎসা এবং উচ্চশিক্ষাসহ বিভিন্ন খাতে হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার টিউশন ফি পরিশোধের চাপ থাকায় সেখানে অবস্থানরত বা নতুন যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা বেশি পরিমাণে ডেবিট কার্ড ব্যবহার করছেন। পাশাপাশি পর্যটন খাতে ভ্রমণকারীদের কার্ডভিত্তিক লেনদেনও বেড়েছে, যা সামগ্রিক ব্যয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ক্রেডিট কার্ডের দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত ফেব্রুয়ারি মাসের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। বর্তমানে দেশে ৫৬টি তফসিলি ব্যাংক ও ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালালেও ৪৮টি তফসিলি ব্যাংক এবং মাত্র একটি এনবিএফআই ক্রেডিট কার্ড সেবা প্রদান করছে। এসব প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে দেশীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে কার্ড ব্যবহারের চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সামগ্রিকভাবে কার্ড ব্যবহার কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা মোট ৩৭৭ কোটি টাকা ব্যয় করেছেন, যা জানুয়ারির ৪৬৩ কোটি টাকার তুলনায় ১৮ দশমিক ৫৫ শতাংশ কম।
বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে দেশভিত্তিক হিসাব করলে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, যেখানে মোট খরচের ১৪ শতাংশ হয়েছে। এরপর রয়েছে থাইল্যান্ড (১৩ শতাংশ), সিঙ্গাপুর (৮ শতাংশ), যুক্তরাজ্য (৮ শতাংশ) এবং সৌদি আরব (৭ শতাংশ)।
অন্যদিকে, ডেবিট ও প্রিপেইড কার্ডের ব্যবহারেও কিছুটা হ্রাস লক্ষ্য করা গেছে। ফেব্রুয়ারিতে বিদেশে ডেবিট কার্ডে ব্যয় হয়েছে ২৭৯ কোটি টাকা, যেখানে জানুয়ারিতে ছিল ৩৫৬ কোটি টাকা। একইভাবে প্রিপেইড কার্ডে ফেব্রুয়ারিতে লেনদেন হয়েছে ৪০ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ৫৩ কোটি টাকা।
সামগ্রিকভাবে সব ধরনের কার্ড মিলিয়ে ফেব্রুয়ারিতে মোট লেনদেন হয়েছে ৬৯৬ কোটি টাকা, যা আগের মাসে ছিল ৮৭৩ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রায় ২০ দশমিক ২৫ শতাংশ লেনদেন কমেছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরে ১১টি খাতে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিপার্টমেন্টাল স্টোর, বিল পরিশোধ, খুচরা কেনাকাটা, নগদ উত্তোলন, পোশাক ক্রয়, ফার্মেসি, অর্থ স্থানান্তর, পরিবহন, ব্যবসায়িক ও পেশাদারি সেবা এবং সরকারি বিল প্রদান। অধিকাংশ খাতেই ফেব্রুয়ারিতে ব্যয় কমেছে।
কার্ডভিত্তিক লেনদেনে ব্র্যান্ডের দিক থেকে ভিসা কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি, যা মোট লেনদেনের প্রায় ৭৩ শতাংশ। এরপর মাস্টারকার্ড ১৭ শতাংশ এবং আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) ১০ শতাংশ ব্যবহৃত হয়েছে।