মঙ্গলবার ১৬, জুন ২০২৬

১৬ জুন ২০২৬, ০৪:৪৭ এএম

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা এবি পার্টির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে ২০২৬, ১০:৫৬ এএম

1717

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২ মে (শনিবার) রাজধানীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত আইডিইবি মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন-এ আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হবে সকাল সাড়ে ৯টায় একটি শোভাযাত্রার মাধ্যমে। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বর থেকে এ শোভাযাত্রা শুরু হবে, যা উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

এরপর সকাল সাড়ে ১০টায় একই ভেন্যুতে শুরু হবে প্রতিনিধি সম্মেলন। এতে দলের বিভিন্ন শাখা ও তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে দলীয় কার্যক্রমের মূল্যায়ন, সাম্প্রতিক নির্বাচন নিয়ে অবস্থান, জাতীয় রাজনীতি নিয়ে বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।

এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ জানান, বিকেল ৫টায় কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব।

দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে থাকবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান সফল করতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ছয় বছরে যাদের ত্যাগ, নিষ্ঠা ও সহযোগিতায় এবি পার্টি জাতীয় অঙ্গনে একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসেবে অবস্থান তৈরি করতে পেরেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

Link copied!