প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০১:০০ পিএম
1698
০৫ মে ২০২৬, ০৫:৫৯ পিএম
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও ১০টি ব্যাংককে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিকে সর্বনিম্ন স্তর হিসেবে ধরা হয়, যেখানে সাধারণত দুর্বল পারফরম্যান্স করা বা লোকসানে থাকা কোম্পানিগুলোকে রাখা হয়।
রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে জানা যায়, টানা দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলোকে এই ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এসব ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধাও আর পাওয়া যাবে না, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
যেসব ব্যাংক ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে সেগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একই ধরনের আর্থিক পারফরম্যান্স ঘাটতির কারণে ইসলামী ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পিএলসিকেও ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছিল। সেসব ব্যাংকের ক্ষেত্রেও একইভাবে শেয়ার কেনার উপর ঋণ সুবিধা স্থগিত করা হয়।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিকভাবে বড় ব্যাংকগুলোর এমন অবস্থান বিনিয়োগকারীদের আস্থা কমাতে পারে এবং বাজারে অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।