মঙ্গলবার ০৫, মে ২০২৬

০৫ মে ২০২৬, ০৫:১৮ পিএম

 সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৭

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১০:৫৯ এএম

1694

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৩টি ফ্লাইটে তারা গন্তব্যে পৌঁছান।

সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে যাওয়া মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৮৪ জন।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে। সংস্থাটি ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন হজযাত্রী পরিবহন করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী পরিবহন করেছে।

এদিকে, চলমান হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের সবাই পুরুষ। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৮ এপ্রিল রংপুরের কোতোয়ালী এলাকার বাসিন্দা মো. শামসুল আলম (৬৩) ইন্তেকাল করেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরে মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।

হজ শেষে হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হবে আগামী ৩০ মে থেকে। জেদ্দা থেকে শুরু হওয়া এই ফিরতি ফ্লাইট কার্যক্রম জুন মাসজুড়ে চলবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Link copied!