প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৫২ পিএম
1697
০৬ জুন ২০২৬, ১২:২০ পিএম
জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২১ মে পর্যন্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে।
মেলায় সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি সরাসরি বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ থাকবে। এর মধ্যে রয়েছে ই-নামজারি আবেদন জমা, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সহায়তা, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ এবং ডিসিআর প্রাপ্তি সংক্রান্ত সেবা।
এছাড়া ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য প্রদান এবং সাধারণ মানুষের জন্য ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে।
ভূমি সেবা সংক্রান্ত অভিযোগ ও জিজ্ঞাসার জন্য জাতীয় হটলাইন ১৬১২২ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মেলা সফল করতে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম জানান, ভূমি সেবায় জনগণের হয়রানি কমাতে এবং সেবা সহজ করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ডিজিটাল ভূমি সেবার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হবে।