সোমবার ২৫, মে ২০২৬

২৫ মে ২০২৬, ০৪:০৮ পিএম

 কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, হাসপাতালে বাবার মরদেহের পাশে দুই শিশুর কান্না

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:৫২ এএম

1708

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বজ্রপাতে হজরত আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর পর হাসপাতালে মরদেহের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে তার দুই শিশু সন্তান। তাদের কান্নার দৃশ্য হাসপাতালে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

সোমবার (১৯ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে আকাশে মেঘ জমতে থাকায় মাঠে কাটা ধান গোছাতে যান হজরত আলী। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং মাটিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

হজরত আলীর মরদেহ যখন হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়, তখন সেখানে তার ১০ বছর বয়সী ছেলে বাপন এবং ৫ বছরের মেয়ে কুলসুম উপস্থিত ছিল। বাবার নিথর দেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। ছোট বোনকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করলেও নিজেও বারবার কান্নায় ভেঙে পড়ে বড় ভাই বাপন।

স্থানীয়রা জানান, হজরত আলী খুবই পরিশ্রমী ও সহজ-সরল মানুষ ছিলেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। স্ত্রী ও দুই সন্তান রেখে তার মৃত্যুতে পরিবারটি এখন গভীর শোকে ভেঙে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আকতার নিশ্চিত করেন, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছিল।

পরবর্তীতে মঙ্গলবার সকালে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয়রা এ ধরনের বজ্রপাতজনিত দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Link copied!