প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৬:৩৮ পিএম
1711
০৬ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
ছাত্রলীগ নেতাকর্মী আটক
রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২০ মে) ভোরে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— শিপন সেওজাল, মিজানুর রহমান ওরফে নিহাজ খান এবং রায়হান আলী। এর মধ্যে শিপন সেওজাল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে ব্যবহৃত দুটি ব্যানারও উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে যে তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশে সেখানে জড়ো হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সংগঠনের পক্ষে স্লোগান দেওয়া।
ডিএমপি আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।