প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:৪৬ এএম
1680
১৩ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ শুক্রবার (১২ জুন) সড়কপথে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ঢাকায় পৌঁছাবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকছেন স্ত্রী মিনাল ত্রিবেদী। ভারতের নতুন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে বেনাপোল চেকপোস্ট ও ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থা সম্পন্ন করেছে।
কূটনৈতিক সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতের নতুন হাইকমিশনারের বেনাপোল সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে। সীমান্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি ঢাকায় আসবেন। এরপর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র (ক্রিডেনশিয়ালস) পেশের মাধ্যমে বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্ব গ্রহণের মূল কার্যক্রম শুরু করবেন।
ঢাকায় পা রাখার আগেই বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। গতকাল বৃহস্পতিবার কলকাতায় অবস্থিত ঐতিহাসিক ‘নেতাজি ভবন’ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু ভৌগোলিক সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দুই দেশের জনগণের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের সঙ্গেও তা গভীরভাবে সম্পৃক্ত।
এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পত্রাধিকার গ্রহণের মাধ্যমে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক ও আইনি অনুমোদন লাভ করেন দীনেশ ত্রিবেদী।
কূটনৈতিক মহলে তাঁর এই নিয়োগকে বেশ তাৎপর্যপূর্ণ ও ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। কারণ, দীনেশ ত্রিবেদী কোনো পেশাদার আমলা বা কূটনীতিক নন; তিনি ভারতের একজন দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ এবং দেশটির কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।