শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

যুক্তরাষ্ট্র-ইরান ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি: এক্সিওসের রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

2004

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং ইসরায়েলকে কেন্দ্র করে সংঘাত শিগগিরই ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির মাধ্যমে কমানো যেতে পারে। প্রতিবেদনে মার্কিন, ইসরায়েলি ও মধ্যপ্রাচ্যের সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই বিরতি উত্তেজনা নাটকীয়ভাবে হ্রাস করতে পারে।

মার্চের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ দিনের ডেডলাইন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহারের জন্য। সোমবার সেই ডেডলাইন শেষ হচ্ছে। এর আগে রোববার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে জানিয়েছেন, এই সময়ের মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী অবরোধ প্রত্যাহার না করে এবং সমঝোতা চুক্তিতে না আসে, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করা হবে।

তবে এক্সিওসের সূত্র মতে, ইরান এই ডেডলাইন মেনে চলার সম্ভাবনা ক্ষীণ। বরং ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতিই সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প। এই বিরতিটি দুই স্তরে কার্যকর হবে:

প্রথম স্তর: ৪৫ দিনের মধ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরস্পরকে লক্ষ্য করে কোনো হামলা করবে না।
দ্বিতীয় স্তর: প্রথম স্তরে স্থায়ী যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হবে। আশা করা হচ্ছে, এই আলোচনার ফলাফল তিন দেশকে স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে।

মার্কিন-ইসরায়েলি ও মধ্যপ্রাচ্যের সূত্র জানায়, ৪৫ দিনের যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইরানের ‘গভীর আলোচনা’ চলছে এবং ডেডলাইন পেরোনোর আগেই ফলাফল পাওয়া সম্ভব। তিনি বলেন, “ইরানের সামনে একটি ভালো সুযোগ আছে, তবে তারা যদি সমঝোতা চুক্তিতে না পৌঁছায়, আমরা প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেব।”

Link copied!