প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
2019
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
এহছানুল হক মিলন
শিক্ষকদের উৎসবভাতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, উৎসবভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে সরকারের অভ্যন্তরে আলোচনা চলছে।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, বাজেট ঘোষণার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে বিলম্ব হলে পরবর্তীতে কার্যকর করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের দাবি যথাযথভাবে উপস্থাপন করা হলে সরকার তা গুরুত্বসহকারে বিবেচনা করবে। এজন্য আন্দোলনের প্রয়োজন নেই। যদিও অর্থ মন্ত্রণালয় থেকে সীমিত বরাদ্দের ইঙ্গিত পাওয়া গেছে, তবুও বিভিন্ন খাত সমন্বয় করে প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা চলছে।
মন্ত্রী জানান, সরকারি আর্থিক বিধি ও প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগলেও বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং ঈদের আগেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সভায় মাদ্রাসা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদ্রাসা শিক্ষার্থীদেরও উপবৃত্তি, মিড-ডে মিল এবং পোশাকসহ বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কিছু পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিষয়ে তিনি উল্লেখ করেন, আগে মাদ্রাসায় এ সুবিধা ছিল না, তবে বর্তমানে তা চালু হয়েছে এবং আর্থিক অসঙ্গতি দূর করে কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সময় অপচয় কমাতে পরীক্ষা পদ্ধতি পুনর্বিবেচনা করা হচ্ছে। সিলেবাস শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি কমিয়ে আরও কার্যকর সময়সূচি নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিজিটাল শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর শিক্ষার দিকে এগোচ্ছে। তাই বাংলাদেশেও অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।