প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম
2006
শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --
জাতীয় সংসদে আলোচনা
জ্বালানি সংকট বিষয়ে ফেসবুকে মন্তব্য করার কারণে ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান দ্রুত ওই নারীর মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রফিকুল ইসলাম খান বলেন, ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করার কারণে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বলা হয়েছে, ‘উপরের নির্দেশে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এই নির্দেশ কার পক্ষ থেকে এসেছে। স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী হিসেবে বিবেচিত হবে।
তিনি আরও মন্তব্য করেন, এ ধরনের গ্রেপ্তার ভবিষ্যতে কঠোর শাসনব্যবস্থার ইঙ্গিত দিতে পারে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
রফিকুল ইসলাম খানের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণযোগ্য নয়। তবে যেহেতু বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং বিরোধীদলীয় নেতার পক্ষ থেকেও অবহিত করা হয়েছে, তাই এটি বিবেচনায় নেওয়া হচ্ছে।
স্পিকার আরও বলেন, সংসদের ভেতরে রাজপথের মতো আল্টিমেটাম দেওয়া সমীচীন নয়। প্রয়োজন হলে বিষয়টি প্রস্তাব আকারে উত্থাপন করা যেতে পারে। তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন নানা মন্তব্য করা হয়, সবকিছু নিয়ে সংসদে আলোচনা করা সম্ভব নয়। তবুও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।