প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
1704
০৬ জুন ২০২৬, ০৬:৩৮ এএম
আলী হোসেন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ এপ্রিল) ভোররাতে, উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ৮নং ওয়ার্ডের পানিয়ার টারি এলাকায়। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা।
সীমান্তরক্ষী সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীনে ধবলগুড়ি বিওপি অঞ্চলে সীমান্ত পিলার ৮৭৪/৫ সংলগ্ন শূন্য লাইনের কাছাকাছি ভারতীয় সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের দিকে রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুইবার গুলির শব্দ শোনা যায়। পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।
বিএসএফের বরাত দিয়ে জানানো হয়, ৭ থেকে ৮ জন বাংলাদেশি সীমান্তের তারকাটা বেড়া কাটার উদ্দেশ্যে সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। একপর্যায়ে চোরাকারবারীদের সঙ্গে ধস্তাধস্তি হলে আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম নিশ্চিত করেছেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এছাড়া উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।