প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
2005
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়নের কাজ চলছে।
সোমবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষক কার্ড, পরিবারভিত্তিক কার্ড, ক্রীড়া ভাতা এবং খাল খননের মতো কর্মসূচিগুলো হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়; বরং এগুলো সুপরিকল্পিত উদ্যোগ, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ইতোমধ্যে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি আগামী ২ মে থেকে সিলেট থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা শহরে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি ক্রীড়া’ কর্মসূচির উদ্বোধন করা হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত জীবনধারায় গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে খেলাধুলার পরিবেশ উন্নয়নে মাঠ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে। টাঙ্গাইল স্টেডিয়ামের গ্যালারি, জিমনেসিয়ামসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম পিন্টু, রফিকুল ই মোহামেদ, শরীফা হক, এসএম ওবায়দুল হক নাসির এবং মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।