প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৩ এএম
17
বুধবার ১৫, এপ্রিল ২০২৬ -- : -- --
স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ ও ভারতের মধ্যে দৃঢ় ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। সে সময় ভারত সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নের ক্ষেত্রে ভারতের সমর্থন দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও উদার মনোভাবের প্রতিফলন।
স্পিকার বর্তমান সংসদের কার্যক্রম প্রসঙ্গে বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত সক্রিয় ও প্রাণবন্ত। বিরোধী দলও কার্যকর ভূমিকা পালন করছে। তিনি সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময় কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়।
এ সময় হাইকমিশনার স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান এবং ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।