শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

চান্দগাঁওয়ে ছাত্রলীগের বিক্ষোভের অভিযোগ, অস্বীকার পুলিশের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

2001

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মিছিল হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিছিলে প্রায় ৫০ থেকে ৬০ জন অংশ নেন। তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

মিছিলের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি নুরুল আজিম রনি-এর ছবি দেখা গেছে বলেও জানা গেছে।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, তাদের থানার আওতাধীন এলাকায় ছাত্রলীগের কোনো মিছিল হয়নি। তিনি জানান, পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এলাকায় সক্রিয় রয়েছে এবং তাদের কাছ থেকেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাটি অন্য কোনো স্থানে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

Link copied!