প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম
2001
শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --
ভোলার সদর উপজেলায় নিজ বসতঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার সাত বছর বয়সী শিশু পুত্র আবির গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম প্রবাসী আল আমিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। স্বামী প্রবাসে থাকায় নাছিমা বেগম তার ছোট ছেলে আবিরকে নিয়ে নির্মাণাধীন নিজ বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার রাতে তারা ঘরে ঘুমিয়ে ছিলেন।
মধ্যরাতে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে মা ও ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই নাছিমা বেগম মারা যান এবং গুরুতর আহত হয় শিশু আবির।
পরদিন শনিবার সকালে স্থানীয় লোকজন তাদের কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে নাছিমা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় আহত অবস্থায় পড়ে থাকা আবিরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানায়, এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে আহত শিশুটির চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।