শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল, শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম

2013

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না-এর আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত চীন সফর করছে।

এই সফরের অংশ হিসেবে ১৭ এপ্রিল প্রতিনিধিদলটি চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত বিশ্বখ্যাত University of Science and Technology of China পরিদর্শন করে।

প্রতিনিধিদলের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা. আসাদুজ্জামান রিপন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, খায়রুল কবির খোকন এবং মোস্তাফিজুর রহমান বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় প্রতিনিধিদল আধুনিক গবেষণা কেন্দ্র, প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং শিক্ষা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা দপ্তরের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রেসিডেন্ট ওয়াং ইউমিং বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমানে ইউএসটিসিতে ৩৯ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।

প্রতিনিধিদলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। তিনি আরও জানান, বর্তমানে চীনে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা কার্যক্রম, একাডেমিক কাঠামো এবং বিশেষ উদ্যোগগুলো তুলে ধরা হয়। এর মধ্যে ‘স্কুল অব গিফটেড ইয়ুথ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

সংসদ সদস্য সাঈদ আল নোমান তার বক্তব্যে চীনকে বর্তমান বিশ্বের উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দেন।

অন্যদিকে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিশ্বমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতায় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত। তিনি দেশের শিক্ষা ও গবেষণা খাতকে আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, University of Science and Technology of China চীনের মর্যাদাপূর্ণ সি-৯ লিগভুক্ত একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। গবেষণা ও উদ্ভাবনে প্রতিষ্ঠানটি বৈশ্বিকভাবে সুপরিচিত। নেচার ইনডেক্স অনুযায়ী গবেষণায় এটি বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং টাইমস হায়ার এডুকেশন ও কিউএস র‍্যাংকিংয়েও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। তারা বলেন, চীনকে কাছ থেকে জানতে সরাসরি অভিজ্ঞতা অর্জন গুরুত্বপূর্ণ এবং ইউএসটিসি উচ্চশিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সবশেষে দুই পক্ষ ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। এই সফরকে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Link copied!