শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

এসএসসি পরীক্ষা ঘিরে যানজট এড়াতে বিশেষ নির্দেশনা দিল ডিএমপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

2001

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে রাজধানীর ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রসংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় যান চলাচল ও পার্কিং থেকে বিরত থাকার জন্য নগরবাসী ও যানবাহন চালকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের ১২৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এবং নগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে সবার সহযোগিতা জরুরি।

ডিএমপির নির্দেশনাগুলো হলো—

১। পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দিতে হবে, যাতে কোনো ধরনের বিলম্ব না হয়।

২। যারা ব্যক্তিগত গাড়িতে আসবে, তারা কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম যানজটপূর্ণ স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে। একইভাবে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে কিছুটা দূরে গিয়ে গাড়িতে উঠতে বলা হয়েছে।

৩। কোনো যানবাহন কেন্দ্রসংলগ্ন সড়কে পার্কিং করা যাবে না। এ নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৪। অভিভাবকদের কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে। সড়কে অবস্থান করে যান চলাচলে বাধা সৃষ্টি করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

৫। পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য যানবাহনকে কেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

৬। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এসব নির্দেশনা মেনে চললে পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য তারা সবার সহযোগিতা কামনা করেছে।

Link copied!