শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৬:৩৮ এএম

চাঁদা না পেয়ে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম, হোটেল ভাঙচুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম

1687

ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকায় চাঁদা না পেয়ে আমিন শরীফ (৫৫) নামে এক ব্যবসায়ী ও কৃষকদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

তিনি ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি এবং হোটেল সিটি গার্ডেনের মালিক। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি রোববার (১৯ এপ্রিল) বিকেলে ঘটে। রাতেই তার ছেলে সরোয়ার শরীফ বাদী হয়ে কোতোয়ালি থানা-এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হোটেল সিটি গার্ডেনের দ্বিতীয় তলার কাউন্টারে প্রবেশ করে এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে।

এরপর হামলাকারীরা আমিন শরীফকে হোটেলের ছাদে নিয়ে যায়। সেখানে তমাল নামের এক ব্যক্তি চাপাতি দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিরোধ করেন। এতে তার বাম হাতের কবজি ও বাহু গুরুতর জখম হয়। অন্য আরেক আসামি মাহমুদ ছ্যানদা দিয়ে আঘাত করলে তার কনুইয়ের ওপরে আঘাত লাগে। এছাড়া অন্যান্য সহযোগীরা রড ও পাইপ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

হামলাকারীরা তার কাছ থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মামলায় তমাল ও মাহমুদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!