প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম
1702
০১ মে ২০২৬, ০৬:৩৮ এএম
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে নারী ও শিশুসহ একই পরিবারের চারজনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
অভিযুক্ত মজিবুর রহমান উপজেলা বিএনপির সহসভাপতি ও কাঁকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য। আহতরা হলেন সমীর হাওলাদার (৫২), তাঁর স্ত্রী সবিতা রানী (৪২), মেয়ে ঝিলিক (২২) এবং ঝিলিকের ছেলে পিয়াস (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে দেবোত্তর জমি নিয়ে দুই ভাই শংকর হাওলাদার ও সমীর হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার শংকরের পক্ষ নিয়ে মজিবুর রহমান সহযোগীদের নিয়ে সমীরের বাড়িতে যান।
ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে গিয়ে তাদের গালমন্দ করা হয় এবং একপর্যায়ে হামলা চালানো হয়। ঝিলিক হাওলাদার জানান, তাকে গাছের ডাল দিয়ে মারধর করা হয়। এ সময় তার চার বছরের ছেলে পিয়াস এগিয়ে এলে তাকেও লাথি মারা হয়।
সমীর হাওলাদার বলেন, প্রায় ৪০ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করছেন। বিরোধ মেটাতে ডেকে এনে উল্টো তাদের ওপর হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মজিবুর রহমান বলেন, তিনি বিরোধ মীমাংসা করতে গিয়েছিলেন। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল এবং উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। তিনি নিজে কাউকে মারধর করেননি বলে দাবি করেন।
এদিকে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগীদের থানায় ঢুকতে না দেওয়ার অভিযোগ সঠিক নয়। তাদের চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।