প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম
1688
০১ মে ২০২৬, ০৬:৩৮ এএম
রংপুরে সিজার অপারেশনের পর রোগীর পেটে গজ কাপড় রেখে সেলাই করার অভিযোগ উঠেছে এক গাইনি চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসকের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী হাবীবা জান্নাতের বাড়ি পীরগঞ্জ উপজেলার বড় আমবাড়ি গ্রামে। গত ৪২ দিন ধরে তিনি তীব্র পেটব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ৮ মার্চ নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার সিজার অপারেশন করেন চিকিৎসক রাজিয়া বেগম মুক্তা। অপারেশনের পর থেকেই তার পেটে অসহনীয় ব্যথা শুরু হয়।
পরে আল্ট্রাসনোগ্রাম এবং সিটি স্ক্যান করালে তার পেটে কাপড়জাতীয় বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। অন্য এক চিকিৎসক এ বিষয়ে নিশ্চিত করেন বলে দাবি করেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর স্বামী শাওন মিয়া অভিযোগ করেন, বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসককে জানানো হলেও তিনি গুরুত্ব দেননি। বরং অন্যত্র চিকিৎসা নিতে গেলে হুমকির মুখে পড়ার কথাও জানান তিনি।
এদিকে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করলে তার সহকারী পরে কথা বলার কথা জানিয়ে কল কেটে দেন।
এ বিষয়ে রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, চিকিৎসা ক্ষেত্রে এমন অবহেলা কখনো কাম্য নয়।