প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম
1687
০১ মে ২০২৬, ০১:৩৩ পিএম
গাজীপুরের শ্রীপুরে বিদায় অনুষ্ঠানে হট্টগোল করে মাইক কেড়ে নেওয়া ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে।
শ্রীপুর উপজেলার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় অশালীন আচরণ, মাইক কেড়ে নেওয়া এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর এক সাবেক নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে রোববার দুপুরে উপজেলার বাঁশবাড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। হট্টগোলের কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে অনুষ্ঠান বন্ধ রাখতে হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলে সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান শেষ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন জানান, অনুষ্ঠান চলাকালে হঠাৎ সেখানে উপস্থিত হন সাবেক বিএনপি নেতা সারোয়ার আওয়াল ও তাঁর অনুসারীরা। তিনি অভিযোগ করেন, সেখানে গালাগাল শুরু করে একপর্যায়ে প্রধান শিক্ষকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। পরে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়া হয়।
তিনি আরও বলেন, লিখিত দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে অভিযোগ অস্বীকার করে সারোয়ার আওয়াল বলেন, তিনি কোনো অশালীন আচরণ করেননি এবং অভিভাবকদের অনুরোধে সেখানে গিয়েছিলেন। তিনি দাবি করেন, প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে অভিভাবকেরা প্রশ্ন তুলেছিলেন।
এদিকে গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ঘটনাটি তাঁদের নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।