শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৩:২২ এএম

বাস ও লঞ্চ ভাড়া একতরফা বাড়ানোর চেষ্টা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

1683

দেশে বাস ও লঞ্চের ভাড়া একতরফাভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি অভিযোগ করেছে, যাত্রীদের স্বার্থ উপেক্ষা করে মালিকপক্ষ যদি একচেটিয়া সিদ্ধান্ত নেয়, তাহলে তা মেনে নেওয়া হবে না।


বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ সতর্কবার্তা দেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম এক ধাপে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকায় উন্নীত করা হলে বাসভাড়া প্রতি কিলোমিটারে প্রায় ৪০ পয়সা বা ২২ শতাংশ বৃদ্ধি পায়। একই সময়ে লঞ্চভাড়াও প্রায় ৩২ শতাংশ বাড়ানো হয়। তবে পরবর্তীতে জ্বালানির মূল্য কয়েক দফা কমে ১০০ টাকায় নেমে এলেও বাস্তবে যাত্রীরা ভাড়া কমার সুবিধা পাননি। যদিও কাগজে-কলমে কিছু সমন্বয়ের কথা বলা হয়েছিল, কার্যকর বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ এই সামান্য বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে বাস ও লঞ্চ মালিকরা যথাক্রমে প্রায় ৬৪ শতাংশ এবং ৪২ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি সংগঠনটির।
বিবৃতিতে আরও বলা হয়, যাত্রী স্বার্থ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে উপেক্ষা করে মালিকপক্ষ একতরফাভাবে ভাড়া বৃদ্ধির পরিকল্পনা করছে। এতে করে সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে।
সংগঠনটির মহাসচিব অভিযোগ করেন, প্রশাসনের কিছু অংশ মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে অযৌক্তিক ভাড়া বৃদ্ধির উদ্যোগকে এগিয়ে নিচ্ছে, যার ফলে যাত্রীদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।
এই পরিস্থিতিতে ভাড়া নির্ধারণে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা জরুরি বলে দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে যাত্রীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Link copied!