প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম
1690
০১ মে ২০২৬, ০৪:০৫ পিএম
রাজধানীর কামরাঙ্গীরচরের লেকপাড় এলাকায় একটি শ্রমিক হোস্টেলের টয়লেটে মো. ইয়াকুব আলী (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইয়াকুব আলীর বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে। তিনি ম্যাটাডোর কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং কোম্পানির শ্রমিক হোস্টেলেই থাকতেন।
হাসপাতালে ম্যাটাডোর কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বজলুর রহমান জানান, রাতে খবর পেয়ে শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে গলাকাটা অবস্থায় ইয়াকুবকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ধারণা করছে, ময়নাতদন্ত ও তদন্ত শেষে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।