শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৩:২২ এএম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

1686

বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) গ্রহণের হার বেশি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
দূতাবাসের বার্তায় বলা হয়, ডিপার্টমেন্ট অব স্টেট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা গ্রহণের উচ্চ হার এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে এতে আরও বলা হয়েছে, এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বিভিন্ন দেশের অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণের হার সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯তম।
‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামের ওই তালিকায় বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ সরকারি সহায়তা গ্রহণ করে।
দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ—ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালও ওই তালিকায় রয়েছে।
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিতে পারে, যা ভবিষ্যতে অন্যান্য দেশকেও প্রভাবিত করতে পারে।

Link copied!