প্রকাশিত: ০১ মে ২০২৬, ০২:৫৫ পিএম
1716
১৫ জুন ২০২৬, ১১:০৫ পিএম
মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের বর্তমান রেমিট্যান্স অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের সময় শ্রম নীতি সংস্কার এবং শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। ১৯৭৬ সালে জনশক্তি বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতে নতুন দিগন্ত উন্মোচন করে। এর মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন, যার মধ্যে শ্রম আইন ২০০৬ প্রণয়ন এবং শ্রমকল্যাণ তহবিল গঠন উল্লেখযোগ্য।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প, কৃষি, পরিবহন, নির্মাণ এবং গার্মেন্টস খাতসহ সব ক্ষেত্রেই শ্রমিকদের পরিশ্রম দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছে।
তিনি উল্লেখ করেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে কাজ করছে।
রাষ্ট্রপতি বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি অন্যতম লক্ষ্য।
তিনি শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুস্থ শিল্প সম্পর্ক বজায় থাকলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।