শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৫:০৭ পিএম

ফায়ার সার্ভিসে চালু হলো ‘ই-ফায়ার লাইসেন্স’, ঘরে বসেই মিলবে সব সেবা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৩:৩২ পিএম

1689

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সেবা গ্রহণের প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করতে চালু করা হয়েছে ‘ই-ফায়ার লাইসেন্স’ সিস্টেম। এর মাধ্যমে এখন থেকে ঘরে বসেই অনলাইনে নতুন লাইসেন্স আবেদন, নবায়ন ও পুনর্মূল্যায়নসহ সব ধরনের সেবা পাওয়া যাবে। এতে দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটেছে।

শুক্রবার (১ মে) এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং সেবা প্রক্রিয়াকে ডিজিটাল করার লক্ষ্যে সম্পূর্ণ অনলাইনভিত্তিক এই ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন এই ব্যবস্থায় এখন থেকে নতুন লাইসেন্সের আবেদন, নবায়ন ও পুনর্মূল্যায়ন—সবকিছুই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফলে সময় ও হয়রানি দুটোই কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও জানানো হয়, নতুন সিস্টেম চালুর পর থেকেই লাইসেন্স সংক্রান্ত সব ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে পুরো প্রক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর-১০-এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান সূচনা বক্তব্য দেন। তিনি নতুন এই ডিজিটাল সেবাকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই উদ্যোগের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান, উপ-পরিচালক (চট্টগ্রাম বিভাগ) মো. জসীম উদ্দীন এবং উপ-পরিচালক (রংপুর বিভাগ) আনোয়ারুল হকসহ অনেকে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন, ই-ফায়ার লাইসেন্স চালুর ফলে সেবা গ্রহণ আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব হবে।

Link copied!