শুক্রবার ০১, মে ২০২৬

০১ মে ২০২৬, ০৫:০৭ পিএম

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

1694

অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থা জানতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ হজযাত্রীর খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় হাসপাতালের পরিচালক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

হজযাত্রী গোলাম মোস্তফার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। দ্রুত আরোগ্য কামনা করে তার চিকিৎসায় কোনো ধরনের অবহেলা না করার আহ্বানও জানান।

জানা গেছে, ৭৪ বছর বয়সী গোলাম মোস্তফা স্ত্রীসহ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে হজক্যাম্পে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে প্রথমে হজক্যাম্প মেডিকেল সেন্টার-এ নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় তার রক্তে অতিরিক্ত শর্করা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পুরোপুরি উন্নতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মো. লোকমান হোসেন, ঢাকা হজ অফিস-এর পরিচালক জানান, আজ রাত ৯টা ১০ মিনিটে ওই হজযাত্রীর ফ্লাইট নির্ধারিত রয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার যাত্রা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!