প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৩:৩০ পিএম
1700
২৫ মে ২০২৬, ০৯:০৮ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষ বর্তমানে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের খসড়া নিয়ে কাজ করছে। ১৪ দফার এ খসড়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটি আনুষ্ঠানিক আলোচনার কাঠামো তৈরি করা, যা ভবিষ্যতে সংঘাত নিরসনের পথ তৈরি করবে।
সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানো এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য দেশে স্থানান্তরের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নটি আলোচনার বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ কারণে আলোচনা প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। তবে সংলাপ ইতিবাচকভাবে এগোলে উভয় পক্ষের সম্মতিতে প্রাথমিক এক মাসের আলোচনার সময়সীমা বাড়ানো হতে পারে।