প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:০৬ এএম
1701
২৫ মে ২০২৬, ০৯:০২ এএম
নেতানিয়াহু
সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এসব বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ইসরায়েলি জনগণের কাছে এমন বার্তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে যাতে মনে হয় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এখন আর ইসরায়েলকে সমর্থন করছেন না।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ সংগঠিতভাবে ভুয়া অ্যাকাউন্ট বা ‘বট ফার্ম’ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহানুভূতি দুর্বল করা এবং দুই দেশের কৌশলগত সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করা।
তিনি আরও বলেন, অনেক সময় যুক্তরাষ্ট্রের নাগরিক পরিচয়ে টেক্সট বার্তা পাঠানো হয়। সেখানে দাবি করা হয়, তারা আগে ইসরায়েলের সমর্থক ছিলেন, কিন্তু বর্তমানে দেশটির কর্মকাণ্ডে হতাশ হয়ে অবস্থান পরিবর্তন করেছেন।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, এসব বার্তার উৎস অনুসন্ধান করলে দেখা যায়, সেগুলোর অনেকগুলোই বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, কিছু বার্তা পাকিস্তানের কোনো গোপন কেন্দ্র বা বেজমেন্ট থেকে পাঠানো হয়েছে বলে শনাক্ত করা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর এর প্রভাব নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করলেও নেতানিয়াহুর এ মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।