প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১০:৫১ এএম
1715
০৬ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণ করেন এস এন নজরুল ইসলাম। ডিএমপি সূত্রে জানা গেছে, অবসরজনিত কারণে মো. সরওয়ার দায়িত্ব থেকে বিদায় নেওয়ায় প্রশাসনিক নিয়ম অনুসারে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে সরে যাওয়ার পর ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দায়িত্ব পালনকালে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখেন।
ডিএমপি সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, বৃহস্পতিবার ছিল মো. সরওয়ারের চাকরি জীবনের শেষ কর্মদিবস। পরবর্তীতে তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়ম অনুযায়ী অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া এস এন নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবামুখী পুলিশি কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই নতুন দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।